শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (এনইইটি)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।

জিতেন্দ্র সিং বলেন, সরকার যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, “এটি দেশের সব তরুণ বন্ধুর প্রতি সরকারের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধামতো সময়েই আমরা সব বিষয়ে আলোচনা করতে চাই।” তিনি আরও জানান, সম্ভাব্য ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও অংশ নেবেন। বৈঠকটি নাড্ডার কার্যালয় অথবা বাসভবনে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সরকার এখানে কোনো ধরনের প্রতিপত্তির বিষয় দেখছে না। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে একটি সমাধানে পৌঁছাতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই আলোচনা আয়োজনের চেষ্টা করা হচ্ছে।”

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি বিনীতভাবে আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি।”

এদিকে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তার বাসভবনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী।

তবে সৌরভ দাস বলেন, তারা কারও ব্যক্তিগত বাসভবন বা কার্যালয়ে গিয়ে বৈঠকে বসতে চান না। তার দাবি, “গণদরবার যন্তর মন্তরেই। মন্ত্রীরা যদি কথা বলতে চান, তাহলে তাদের জনগণের মাঝে আসা উচিত।”

তিনি বলেন, নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকলে বিক্ষোভস্থলের কাছাকাছি নিরপেক্ষ কোনো স্থানেও আলোচনায় বসতে তারা রাজি আছেন। সৌরভ দাস আরও বলেন, “আমরা শিক্ষিত মানুষ। আমরা সবসময় বলে এসেছি যে আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, সেটিই সবচেয়ে ভালো পথ।”

নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। আন্দোলনকারীরা স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।