হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক ফিরবেন মঙ্গলবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক ফিরবেন মঙ্গলবার

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরছেন। দীর্ঘ কয়েক মাসের অনিশ্চয়তা ও অপেক্ষার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএসসির প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান জানান, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নাবিকরা। মঙ্গলবার বিকেল ৫টা ২৫ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, পারস্য উপসাগরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এমভি বাংলার জয়যাত্রার নাবিকরা দেশে ফিরছেন। কয়েক মাসের অনিশ্চয়তার পর জাহাজটির সমুদ্রযাত্রা স্বাভাবিক হওয়ায় নাবিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিএসসি সূত্র জানায়, এমভি বাংলার জয়যাত্রা ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট দীর্ঘ ১১৫ দিনের অপেক্ষার অবসান ঘটে।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারত থেকে হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। তবে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালি ঝুঁকিপূর্ণ নৌপথে পরিণত হয়। ফলে কয়েক দফা চেষ্টা করেও জাহাজটি উপসাগর ত্যাগ করতে পারেনি এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হয়।

বিএসসির কর্মকর্তারা জানান, জাহাজ আটকে থাকার পুরো সময়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরার খবরে নাবিকদের পরিবারেও স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা ও দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।