
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর ট্রাক টার্মিনাল এলাকায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জুয়া আয়োজনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোররাতে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। পাশাপাশি জুয়া খেলায় অংশ নেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রবিউল (৩৩), কার্তিক চন্দ্র দাস (৩১), জানে আলম (৩৬), মোহাম্মদ আজম (৩৩), রুবেল (৩০), মো. জাফর (৪৫), মোহাম্মদ বেলাল (৩৫), আলাউদ্দিন (৪২) এবং মোহাম্মদ রবিউল ইসলাম (৬০)।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। সমাজে জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, শীতলপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ ধরনের অভিযান আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। পুলিশের এমন ধারাবাহিক তৎপরতায় এলাকায় জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
আপনার মতামত লিখুন :