মিডিয়া মাফিয়াদের কাছে মাথানত নয়, জনগণের দোয়া পেলে সংসদে ১৬০ জন হবো: হাসনাত আবদুল্লাহ


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
মিডিয়া মাফিয়াদের কাছে মাথানত নয়, জনগণের দোয়া পেলে সংসদে ১৬০ জন হবো: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা কোনো মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে সেজদা দেব না। জনগণের স্বার্থে, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের সিও অফিস মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের সময় রাজপথে বিকল্প রাজনৈতিক ধারার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে জনগণের প্রত্যাশা পূরণে দলটি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণকে বলেছিলাম—ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা সবসময় জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।”

সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, গত পাঁচ মাসে কোনো চাপ বা রক্তচক্ষুকে তিনি ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটেরা ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদ এবং রাজপথ—উভয় ক্ষেত্রেই তিনি সোচ্চার ছিলেন। তিনি আরও বলেন, “বর্তমানে সংসদে আমরা মাত্র ছয়জন আছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আগামী দিনে আমরা ১৬০ জন হব।” এ সময় উপস্থিত নেতা-কর্মীদের করতালিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

দেশের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধে দুর্নীতি, দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করে যাবে। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির।

এ সময় হাসনাত আবদুল্লাহ এনসিপির সদস্য সচিব মাইনুল হাসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। েসভায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।