ময়মনসিংহে পর্যটন বিকাশ ও জয়নুল আবেদিন পার্কের আধুনিকায়নে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন


ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
ময়মনসিংহে পর্যটন বিকাশ ও জয়নুল আবেদিন পার্কের আধুনিকায়নে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন

ময়মনসিংহ জেলার পর্যটন শিল্পের বিকাশ এবং ঐতিহাসিক ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্কটিকে আন্তর্জাতিক মানের বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রস্তাবনা সভায় উপস্থাপন করা হয়।

সোমবার (২০ জুলাই ২০২৬) বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং পুলিশ সুপার কাজী আহসান হাবীব। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগর উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত পরিকল্পনায় জয়নুল আবেদিন পার্ককে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের প্রবেশদ্বার নির্মাণ, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও জগিং ট্র্যাক, প্রতিবন্ধীবান্ধব র‌্যাম্প ও টয়লেট, আধুনিক বসার ব্যবস্থা, নিরাপদ পার্কিং এবং সৌরবিদ্যুৎভিত্তিক আলোকসজ্জা।ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে পর্যটন সুবিধা বাড়াতে রিভারফ্রন্ট প্রমেনেড, ভাসমান ক্যাফে, ভিউ ডেক, লাইট অ্যান্ড ওয়াটার শো, নিরাপদ ঘাট ও নিয়মিত নৌভ্রমণের ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি ও শিল্পকর্ম সংরক্ষণে উন্মুক্ত আর্ট গ্যালারি, শিশুপার্ক আধুনিকায়ন, সাংস্কৃতিক পরিবেশনার জন্য উন্মুক্ত মঞ্চ ও অ্যাম্ফিথিয়েটার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, নিরাপত্তাকর্মী মোতায়েন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব প্লাস্টিকমুক্ত এলাকা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “ময়মনসিংহের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ব্রহ্মপুত্র নদ ও জয়নুল আবেদিন পার্ক গভীরভাবে জড়িত। নগরবাসীর জন্য একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র উপহার দিতে এই মাস্টারপ্ল্যান দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট সব দপ্তর ও সুশীল সমাজের মতামত নিয়ে দ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ময়মনসিংহের পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।