মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ


স্টাফ রিপোর্টার, জি এম সাগর হোসেন প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সদস্যদের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন ব্যক্তিকে (৪ জন পুরুষ ও ২ জন নারী) বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহল দল বিষয়টি আগে থেকেই শনাক্ত করে। পরে সামন্তা বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে আরও জানানো হয়, বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশ-ইন বা অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।