মিরপুরে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন, কৃষি ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ


মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক। প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
মিরপুরে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন, কৃষি ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বারোপ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফল শুধু স্বাদেই অনন্য নয়, এগুলো পুষ্টিগুণেও সমৃদ্ধ। দেশে ফল চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন কৃষকদের আয় বাড়বে, অন্যদিকে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।

মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষের প্রযুক্তি, উন্নত জাতের ফলের চারা এবং কৃষি বিষয়ক তথ্যসমৃদ্ধ বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে ফলের গুণাগুণ সম্পর্কে জানার পাশাপাশি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে আধুনিক ফল চাষের বিভিন্ন পরামর্শ গ্রহণ করছেন। এদিকে কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ বিষয়ক সেমিনার ও প্রদর্শনীর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। গত ২৪ ও ২৫ জুন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. সাগিরুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। আলোচনায় কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং মিরপুর উপজেলা প্রশাসন, কুষ্টিয়া ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় কৃষক ও সচেতন মহল এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফল মেলা ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন এবং দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।