লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সভা


ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাঈনুদ্দিন  প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সভা

বান্দরবানের লামা থানায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বান্দরবানের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার।

মঙ্গলবার (২১ জুলাই) লামা থানা ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের নতুন দায়িত্বপ্রাপ্ত এসপি। এর আগে থানা পরিদর্শনে গেলে লামা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর লামা থানায় এটি ছিল তার প্রথম পরিদর্শন।

সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা একটি সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। তারা বলেন, কমিউনিটি পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা সহজে অভিযোগ জানাতে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ সার্ভিস ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভুক্তভোগীদের দ্রুত, সহজ ও মানবিক সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ বিষয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

থানা পরিদর্শনকালে এসপি লামা থানার প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদানের পদ্ধতি, ডিউটি ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে ভালো আচরণ, পেশাদারিত্ব এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

সভায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ সুপার মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।