নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রতিভা অন্বেষণমূলক মেগা ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার জাতীয় পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া অতিরিক্ত সচিব আমেনা বেগম, অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান এবং সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা দল-মত নির্বিশেষে পুরো জাতিকে এক সুতোয় গেঁথে দিতে পারে। দেশের জার্সি পরে মাঠে নামলে সবাই শুধু বাংলাদেশি পরিচয়ে পরিচিত হন। তাই খেলাধুলার মাধ্যমে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপজেলা ও জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় ধাপ সফলভাবে শেষ করার পর এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শুরুতে ৮টি ইভেন্ট নিয়ে প্রতিযোগিতা শুরু হলেও বর্তমানে এর সঙ্গে নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়েছে। ফলে মোট ইভেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। প্রথম আসর চলমান থাকলেও দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে নতুন কোনো বিভাগীয় শহর থেকে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দীর্ঘমেয়াদে দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলা পর্যায় থেকে দল গঠন করে বছরব্যাপী এ প্রতিযোগিতা চালু রাখার পরিকল্পনা রয়েছে।

মো. আমিনুল হক বলেন, বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, জাতীয় পর্যায় ও বিভিন্ন ইভেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী খুদে ক্রীড়াবিদদের চিহ্নিত করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ব্যবস্থা করা হবে। তাদের শিক্ষা ও খেলাধুলার দায়িত্বও সরকার গ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।