সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে সুমন নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে সুমন নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়িচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‘কেসমতের মাছের ঘের’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মাছের ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।