বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হ/ত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হ/ত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহমেদ (৩২) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের মা ও ছোট বোন জানান, রাজু একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তাদের দাবি, ওই বিরোধের কারণেই রাজুকে হত্যার পরিকল্পনা করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রোববার রাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজু দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাড়িতে ফিরে যান।

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে রাজুর ফুফাতো ভাইকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা রাজুকে লক্ষ্য করে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা রাজুকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। রাজুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।