ডেপুটি স্পিকারের নাম-প্যাড জালিয়াতি, সতর্কতা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
ডেপুটি স্পিকারের নাম-প্যাড জালিয়াতি, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও (ডিও লেটার) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিলের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।

বিষয়টি জাতীয় সংসদ কর্তৃপক্ষের নজরে আসার পর এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচারিত ও বিভিন্ন দপ্তরে দাখিল করা ওই ডিও পত্রটি বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি। এর সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

সংসদ সচিবালয় জানায়, জাতীয় সংসদের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম, লোগো, দাপ্তরিক প্যাড এবং সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড আইন অনুযায়ী শাস্তিযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি জানার পরপরই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও পত্র বা সরকারি চিঠি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর বা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে এ ধরনের জালিয়াতি থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সুবিধা নেওয়ার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।