খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, জাহাঙ্গীর আলম সুজন প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিদের একটি দলকে লক্ষ্য করে বিজিবি অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এ বন্দুকযুদ্ধ চলে।

একপর্যায়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া চারটি পিস্তল, এর মধ্যে দুটি দেশীয় ও দুটি বিদেশি, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযানে বিজিবি সদস্য বা চোরাকারবারিদের কেউ হতাহত হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।