রামগতিতে বিদ্যুৎ বিল নিয়ে এলাকাবাসীর ক্ষোভ


স্টাফ রিপোর্টার,আল-আমিন প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
রামগতিতে বিদ্যুৎ বিল নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এক মাসের তুলনায় পরবর্তী মাসে দ্বিগুণ বা তারও বেশি বিল আসায় দুশ্চিন্তায় পড়েছেন অনেক গ্রাহক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, স্বাভাবিক ব্যবহারের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ বিল অনেক বেশি এসেছে। অনেক গ্রাহকের দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা পর্যন্ত বিল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে তারা আর্থিক চাপের মধ্যে পড়েছেন। বিল সংগ্রহ করতে আসা কর্মীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান, বিল নির্ধারণের দায়িত্ব তাদের নয়। মিটার বা সংশ্লিষ্ট কারিগরি সমস্যার কারণে এমনটি হতে পারে বলে তারা গ্রাহকদের বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন।

অতিরিক্ত বিলের প্রতিবাদে ক্ষুব্ধ কয়েকজন গ্রাহক বিল সংগ্রহে আসা কর্মীদের আটকে রেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আরও অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত হিসাব যাচাই করে সঠিক বিল নির্ধারণ করতে হবে। পাশাপাশি যেসব গ্রাহক অতিরিক্ত বিল পেয়েছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে রামগতি পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. খায়রুল ইসলাম বলেন, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত থাকায় গ্রাহকদের ব্যবহার বেড়েছে। এ কারণে বিলের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। তবে অতিরিক্ত কোনো বিল করা হয়নি।

তিনি আরও বলেন, কোনো গ্রাহকের বিল নিয়ে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয়রা বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সঠিক হিসাব নিশ্চিত করা না হলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।