জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা পরিচালনা করতে পারবেন। এ ছাড়া, তিনি যে বিষয়ে গবেষণা করবেন, সেই গবেষণার ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থায় শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান অধ্যাপক ড. মাহবুব উল্লাহর গবেষণার অগ্রগতি সম্পর্কে ইউজিসির চেয়ারম্যানকে অবহিত করবে এবং গবেষণালব্ধ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে এ সময়ে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত হতে পারবেন না।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজবিষয়ক গবেষণায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগের মাধ্যমে গবেষণা ও জ্ঞানচর্চায় তার অভিজ্ঞতা আরও বিস্তৃতভাবে কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।