খালের গর্ভে নেছারাবাদের রাজাবাড়ী–জিলবাড়ী সড়ক, মৃত্যুঝুঁকিতে পাঁচ গ্রামের মানুষ


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
খালের গর্ভে নেছারাবাদের রাজাবাড়ী–জিলবাড়ী সড়ক, মৃত্যুঝুঁকিতে পাঁচ গ্রামের মানুষ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে এলজিইডির আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ খালের গর্ভে বিলীন হয়ে গেছে। রাজাবাড়ী থেকে জিলবাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে অটোরিকশা, ভ্যানসহ হালকা যানবাহন চলাচল। এতে বিন্না, রাজাবাড়ী, জিলবাড়ী, উড়িবুনিয়া ও লেবুবাড়িসহ অন্তত পাঁচ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙন দেখা দিলেও স্থায়ী সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় ভাঙনের মাত্রা আরও বাড়ছে। বর্তমানে সড়কের বেশ কিছু অংশ গভীর গর্তে পরিণত হয়েছে, যা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, রাজাবাড়ির মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির সামনের অংশ থেকে বিন্না বাজার হয়ে জিলবাড়ী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস নেমেছে। দীর্ঘদিনের খালভাঙনে সড়কের অনেক অংশ আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাম্প্রতিক অতিবৃষ্টিতে অবশিষ্ট অংশেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা ভাঙা অংশে কাঠের তক্তা ও ছোট সাঁকো বসিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও চারটি মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি পাশের নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়নের মানুষও এই পথ ব্যবহার করে হাটবাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। সড়কটি নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

সবার আগে বলদিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে ইউনিয়নের সাতটি গ্রামের পাশাপাশি নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ নিয়মিত চলাচল করেন। সড়ক ধসে যাওয়ায় অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন মানুষ বাধ্য হয়ে হেঁটে চলাচল করছেন। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, সড়কটি আগে থেকেই নাজুক অবস্থায় ছিল। বর্তমানে রাজাবাড়ী থেকে বিন্না পর্যন্ত অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার পানিতে সড়কের কিছু অংশ খালের মধ্যে বিলীন হয়ে গেছে। তিনি জানান, একবার সড়কটি সংস্কারের জন্য দরপত্র দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত সংস্কার করা প্রয়োজন।

ভুক্তভোগী এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।