
দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিউটাউন মানিকনগরে তা’লীমুস সুন্নাহ্ মাদরাসা অ্যান্ড একাডেমি এবং আব্দুর রহিম জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের টেকসই উন্নয়নে সরকার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সবাইকে এ কর্মসূচিতে অংশ নিয়ে রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আধুনিক যুগের চাহিদা পূরণে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। এতে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী শিক্ষায়ও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, ৯ নম্বর ওয়ার্ডের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া, উপশহর মানিকনগর, বানিয়াপুকুর ও জিয়াপুকুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অতীতে ড্রেন পরিষ্কারের কাজ করা হলেও এবার খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে এমপি জাহাঙ্গীর আলম বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তা’লীমুস সুন্নাহ্ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কাসেম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী, আব্দুর রহিম জামে মসজিদের সভাপতি ও মানিকনগরের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম মোস্তফা মানিক, গোলাপবাগ মাদরাসার মোহতামিম মাওলানা শোয়াইব, তা’লীমুস সুন্নাহ্ মাদরাসার সভাপতি আলহাজ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শওকত আলী এবং মোহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :