মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আম বিক্রেতা নি’হ’ত, চালক আটক


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আজহার হোসেন। প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আম বিক্রেতা নি’হ’ত, চালক আটক

মানিকগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় আমবোঝাই রিকশাভ্যানের চালক শুক্কুর আলী (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকার পাইকারবাজারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।

নিহত শুক্কুর আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বসবাস করতেন। জীবিকার তাগিদে রিকশাভ্যানে করে আমসহ বিভিন্ন মৌসুমি ফল বিক্রি করতেন এবং সেই আয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে পাইকারবাজার থেকে আম কিনে জেলা শহরের বিভিন্ন খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন শুক্কুর আলী। এ সময় তিনি ঢাকা-আরিচা মহাসড়কে উঠতেই দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যান তার রিকশাভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

সড়ক দুর্ঘটনায় আর যেন কোনো নিরীহ মানুষের প্রাণ অকালে ঝরে না পড়ে—এমন প্রত্যাশাই করেছেন স্থানীয় বাসিন্দারা।