বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

তেলের দাম কমে যাওয়া, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে মুদ্রাস্ফীতির সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বেড়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। এদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে।

মূল্যবান ধাতুর বাজার বিশ্লেষক তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হলে সোনার দামে আবারও চাপ তৈরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সোনার দাম পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাও সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সোনার দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখার আশঙ্কা তৈরি করায় মূলত সোনার দামে পতন দেখা যায়।

সাধারণত মুদ্রাস্ফীতির সময়ে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় সোনার ওপর চাপ তৈরি হয় এবং এর চাহিদা কিছুটা কমে যায়।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পরিবর্তন দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে উঠেছে। অন্যদিকে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং বিশ্ব অর্থনীতির ওপর মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবের দিকে নজর রাখছেন।