যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত বিস্তৃত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত লোড ও দীর্ঘ লাইনের কারণে বিভক্তকরণের কাজ করা হবে। একই সঙ্গে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করতে নতুন দুটি ফিডার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্সের আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা আংশিক, রফিকুল ইসলাম স্কুলের আশপাশ, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। উন্নয়নমূলক এই কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ লাইনের সক্ষমতা বৃদ্ধি, অতিরিক্ত চাপ কমানো এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সাময়িক ভোগান্তি হলেও কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থায় আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।