টবে লাগাতে পারেন যে ৩ জাতের ফলের গাছ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
টবে লাগাতে পারেন যে ৩ জাতের ফলের গাছ

অনেকের ধারণা, টবে শুধু ফুল বা শৌখিন গাছই ভালো জন্মায়। তবে সঠিক পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে টবেই সফলভাবে ফলের গাছ চাষ করা সম্ভব। ছাদ, বারান্দা বা ছোট উঠানে টবে কয়েকটি জনপ্রিয় ফলের গাছ সহজেই লাগানো যায়।

কামরাঙা:
টবে চাষের জন্য কামরাঙা একটি ভালো পছন্দ। গাছটিকে নিয়মিত পানি দিতে হবে, তবে টবের মাটিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। ফল ধরার সময় নিয়মিত ডাল ছাঁটাই করলে গাছ সুস্থ থাকে এবং ফলনও ভালো হয়। পর্যাপ্ত সূর্যালোক পায় এমন স্থানে টব রাখা উচিত।

আম:
আম খাওয়ার পর এর বীজ টবের মাটিতে রোপণ করলেও চারা গজাতে পারে। পর্যাপ্ত রোদ ও নিয়মিত পানি পেলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। তবে শীতকালে উত্তরের ঠান্ডা বাতাস থেকে গাছকে কিছুটা সুরক্ষিত রাখা ভালো।

ড্রাগন ফল:
ছাদ বা বারান্দায় টবে ড্রাগন ফলের গাছ সহজেই চাষ করা যায়। গাছটি লতানো হওয়ায় বেড়ে ওঠার জন্য একটি খুঁটি বা দেয়ালের সমর্থন প্রয়োজন। পর্যাপ্ত রোদ এবং নিয়মিত সেচ নিশ্চিত করতে হবে। তবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

সঠিক পরিচর্যা, পর্যাপ্ত সূর্যালোক এবং নিয়মিত পানি দিলে এসব ফলের গাছ টবেই ভালোভাবে বেড়ে উঠতে পারে। ফলে অল্প জায়গাতেও নিজের হাতে ফল উৎপাদনের আনন্দ উপভোগ করা সম্ভব।