
চলতি মৌসুমের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে।
বুধবার (২২ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কিছু বিশেষ ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর জানায়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, অধিকাংশ ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও কিছু ক্ষেত্রে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
এ ছাড়া ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। এনবিআর জানিয়েছে, অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
এদিকে ২০২৬-২৭ করবর্ষ থেকে সময়মতো রিটার্ন দাখিল করলে করদাতারা বিশেষ সুবিধা পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের পর এই সুবিধা পাওয়া যাবে না। ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এনবিআর মনে করছে, অনলাইন রিটার্ন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে করদাতাদের হয়রানি কমবে এবং দেশের কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :