পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৭ ধাপ পেছনে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৭ ধাপ পেছনে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠে এসেছে। তবে ভ্রমণ সুবিধার দিক থেকে আফ্রিকার দেশ উগান্ডার চেয়েও ২৭ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। অন্যদিকে উগান্ডার পাসপোর্টধারীরা এ সুবিধা পান ৬৫টি দেশে।

মঙ্গলবার (২১ জুলাই) হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে। কোন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেটিই মূল বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয়েছে।

প্রকাশিত সূচকে দেখা গেছে, গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তবে এর আগে ২০২৪ সালে বাংলাদেশ ৯৭তম অবস্থানে ছিল। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম।

এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

শীর্ষ অবস্থানের পরের দিকে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের নাগরিকরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি রয়েছে ৫২তম অবস্থানে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। এরপর ভারতের অবস্থান ৮১তম; ভারতীয়রা ৫৫টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে ভুটান রয়েছে ৮৮তম, মিয়ানমার ৯১তম, শ্রীলঙ্কা ৯৪তম, বাংলাদেশ ৯৭তম, নেপাল ৯৮তম এবং পাকিস্তান ১০১তম অবস্থানে।

বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের পরের অবস্থানে থাকা নেপালের নাগরিকরা ৩৪টি দেশে এবং পাকিস্তানের নাগরিকরা ২৯টি দেশে এ সুবিধা পান।

সূচকের সর্বশেষ অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।