
ফিফা বিশ্বকাপ ফুটবল এখন শেষ প্রান্তে। আর মাত্র একটি ম্যাচ বাকি—শিরোপা নির্ধারণী ফাইনাল। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন আর্জেন্টিনা ও স্পেনের মহারণের দিকে। এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে রাজধানী ঢাকায় ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্ট।
এর আগে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হয় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার সেই গোলবন্যার ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এ ম্যাচের পর গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
আজ রোববার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিতব্য ফাইনাল ঘিরে ঢাকায় ফুটবল ভক্তদের জন্য থাকছে নানা আয়োজন। রাজধানীর বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশেষ বিশ্বকাপ সমাপনী অনুষ্ঠান। সেখানে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছেন ডিজে সঞ্জয় দেব। কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যানফেস্টেও সংগীত পরিবেশন করেন এই শিল্পী।
বিশ্বকাপ উপলক্ষে ঢাকার অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে দেশে পৌঁছেছেন সঞ্জয় দেব। আয়োজকদের সূত্রে জানা গেছে, তিনি অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে যাবেন তিনি।
অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি বড় অনুষ্ঠান। সেখানে বড় পর্দায় সরাসরি আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সঙ্গে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি রোববার রাতে শুরু হয়ে পরদিন ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে রাজধানীতে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা। শিরোপার লড়াইয়ের পাশাপাশি সংগীত ও বিনোদনের এই আয়োজন ঢাকায় তৈরি করছে বিশ্বকাপ উৎসবের আবহ।
আপনার মতামত লিখুন :