
সরকার জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৭টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থী হিসেবে মো. বাকি বিল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ঘটেছে এবং গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়া চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনে জনগণের দেওয়া রায় এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিলে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রভাবশালী ব্যক্তি বা কোনো গোষ্ঠীর নির্দেশে নয়, নিজের বিবেক ও পছন্দ অনুযায়ী ভোট দেওয়া উচিত। তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই প্রকৃত অর্থে জনগণের কাছে জবাবদিহি থাকেন।
স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, নেছারাবাদে চুরি, চাঁদাবাজি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে এনসিপি-সমর্থিত প্রার্থী কাজ করবেন বলে তিনি আশা করেন। এসব লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান এবং নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান। এ সময় দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :