নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন


নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন।

অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

এ সময় বক্তারা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং আধুনিক, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বিশ্ববিদ্যালয়টিকে দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।