সাভারে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
সাভারে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ঢাকার সাভারে একটি রং মিশানোর কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) ভোররাতে সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির একটি অংশে রং মিশানোর কেমিক্যালের বড় একটি কারখানা ছিল। রাতের বেলায় কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। কেমিক্যালের গুদামে আগুন লাগায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।

আহতরা হলেন—ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। তাদের মধ্যে মশিউর রহমানকে (৪০) গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। কারখানার কর্মচারীদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এদিকে, কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।