সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকারী সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা নতুন কর্মস্থলে পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া তাদের স্থানান্তর না করার পাশাপাশি কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ এ-সংক্রান্ত একটি চিঠি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভূমি প্রশাসনের রাজস্ব ব্যবস্থাপনায় সার্ভেয়ার ও কানুনগো পদ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঘন ঘন বদলির কারণে সেবার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে সমস্যার মুখে পড়ছেন। এ কারণে এই দুই পদের কর্মকর্তা-কর্মচারীদের অন্তত দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের ব্যক্তিগতভাবে বদলির তদবির করা চাকরিবিধির পরিপন্থি। তাই প্রশাসনিক জরুরি প্রয়োজন ব্যতীত সার্ভেয়ার ও কানুনগোদের বর্তমান কর্মস্থল বা পদায়নস্থল থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।