
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালা এলাকায় জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই ২০২৬) মনির নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আলহাজের বাড়ি পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো।
এছাড়া পাহাড়ি এলাকার কৃষকরাও কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে নানা সমস্যার সম্মুখীন হতেন। দীর্ঘদিনের এ ভোগান্তি দূর করতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন।
এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে রাস্তাটির চলাচল ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এতে শিক্ষার্থী, পথচারী ও কৃষকদের যাতায়াত সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপাতত রাস্তাটির দুর্ভোগ কমানো সম্ভব হলেও স্থায়ী সমাধানের জন্য এটি দ্রুত পাকা করা প্রয়োজন। দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।
আপনার মতামত লিখুন :