
দেশের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিটি নাগরিক নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
সোমবার (২৭ জুলাই) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশের সব দায়িত্ব সরকারের একার পক্ষে পালন করা সম্ভব নয়। একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হলে জনগণকেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রের উন্নয়নকে আরও গতিশীল করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং হাসপাতালের শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।
উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি জানান, চীনের সহযোগিতায় যেসব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে একটি শিক্ষার্থী প্রতিনিধি দল চীন সফর করেছে। তারা দেশে ফিরে ঠাকুরগাঁওয়ে এসে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :