
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে আলোচনা শেষে এর সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি হৃদয় মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি, সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. আতিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, মো. মোকাররামা বিল্লাহ ইমন, বোর্ড সদস্য, সাধারণ সদস্য এবং নবীন সদস্যরা।
সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও কমিউনিটি উন্নয়নে প্রান্তিক যুব সংঘ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
সভায় সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষি, শিক্ষা ব্যবস্থা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সভায় নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নারী ও তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভা শেষে সংগঠনের সদস্যরা সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা এবং ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :