দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলায় শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ এবং গৃহহীন পাঁচটি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেলসহ বিভিন্ন সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা এবং উপকারভোগীরা।

এ সময় প্রাথমিক পর্যায়ের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থীসহ মোট ১৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচটি গৃহহীন পরিবারের হাতে নতুন বাড়ি তুলে দেওয়া হয়।