নবাবগঞ্জে মানসম্মত শিক্ষার নির্ভরতার নাম হামিদা-বশরত কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
নবাবগঞ্জে মানসম্মত শিক্ষার নির্ভরতার নাম হামিদা-বশরত কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে হামিদা-বশরত কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।

উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হাতিশাল নতুন বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ২০১৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে প্রায় ১০৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন পাঁচজন শিক্ষক-শিক্ষিকা।

শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়টির সাফল্যের প্রমাণ মিলেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায়। বিভিন্ন শ্রেণিতে প্রতিষ্ঠানটির মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে।

বিদ্যালয়টিতে সাতটি শ্রেণিকক্ষ, একটি অফিস কক্ষ এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ রয়েছে। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, “শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সৃজনশীলতার বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনহাজুল ইসলাম বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা জানান, এলাকায় মানসম্মত পরিবেশে একটি ভালো কিন্ডারগার্টেন থাকায় এখন অনেক পরিবার তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।