
দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে বলেও তিনি দাবি করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার দেওয়া হচ্ছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ করাই সরকারের অন্যতম লক্ষ্য।
কৃষি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনের মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আপনার মতামত লিখুন :