
২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এ নিবন্ধন কার্যক্রম চলবে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহী ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী রোববার (২৬ জুলাই) এ সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। জানা গেছে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। তবে প্রাথমিক নিবন্ধনের আগে হজযাত্রীদের অবশ্যই ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ ব্যবস্থায় ব্যবহারকারী তৈরি করে অনলাইনে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।
এদিকে ২০২৭ সালের হজে যাওয়ার ক্ষেত্রে কিছু স্বাস্থ্যগত শর্ত নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, গুরুতর স্নায়বিক ও মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যান্সারের জন্য কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণকারী ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না।
এছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও হজের ফিটনেস সনদ পাবেন না। ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
আপনার মতামত লিখুন :