
বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম রয়েছে সিলেট বিভাগে। সম্প্রতি মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করেছে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ।
ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে রয়েছে ৭১ হাজার ৫৯৬টি মসজিদ, যা দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশ। মসজিদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগভিত্তিক পরিসংখ্যানের পাশাপাশি জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।
তবে সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কারণে তালিকায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকার সম্ভাবনা রয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় হালনাগাদ করা হবে।
তিনি আরও জানান, এর আগে করোনা মহামারির সময় সর্বশেষ একটি জাতীয় তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে। জনসংখ্যা বৃদ্ধি, নতুন আবাসিক এলাকা গড়ে ওঠা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে নতুন মসজিদ নির্মাণের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইসলামিক ফাউন্ডেশনের এই হালনাগাদ তথ্য দেশের ধর্মীয় অবকাঠামোর বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে মসজিদভিত্তিক শিক্ষা, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় কার্যক্রম এবং বিভিন্ন সরকারি সেবার পরিকল্পনা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :