
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
সভায় আলোচ্যসূচির মধ্যে ছিল সংগঠনের নির্বাচন প্রসঙ্গ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। তবে সভার একপর্যায়ে শ্রমিকদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং হট্টগোল শুরু হয়। পরে পরিস্থিতি বিবেচনায় সভা সাময়িকভাবে মুলতবি ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে শ্রমিক সংগঠনের সদস্য কার্ড যাচাই-বাছাই করা হবে। এরপর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
এ সময় সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।
আপনার মতামত লিখুন :