বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে।

পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরব্যাপী গবেষণা শেষে এ তথ্য প্রকাশ করেছে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়।

এসডো জানায়, দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর সমীক্ষা চালানো হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ভারতে উৎপাদিত পাঁচটির মধ্যে একটি, থাইল্যান্ডে উৎপাদিত দুটি ব্র্যান্ডের মধ্যে একটি এবং ভিয়েতনামে উৎপাদিত দুটি ব্র্যান্ডের দুটিতেই প্লাস্টিকের ক্ষুদ্র কণা শনাক্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।

গবেষণায় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে এতে ৩২০টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে ১০০টি, হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

তবে গবেষণায় কয়েকটি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং আমদানিকৃত কুডুমু অরেঞ্জে ক্ষতিকর প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে এসডো। গবেষণা সংস্থাটি বলছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।