‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদি সরকার। তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে টানা ৩৭ দিনের আন্দোলনের পর সরকার আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিয়েছে। এ ঘটনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর তারা রাজপথের কর্মসূচি প্রত্যাহার করে ঘরে ফিরে গেছেন। একই সঙ্গে ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হবে। এই কমিটি দেশের পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে।

মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই বর্তমানে কারাগারে রয়েছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিচালিত হতে হবে। এ লক্ষ্যেই বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, টাস্কফোর্সের সুপারিশ পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ভবিষ্যতের পরীক্ষাগুলোতে অনিয়ম কমিয়ে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংস্কারের দাবি জানানো হয়। দীর্ঘদিনের এই আন্দোলনের পর সরকার পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।