বদলগাছীতে খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু


স্টাফ রিপোর্টার, এ.বি.এস রতন প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
বদলগাছীতে খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির পানিতে ডুবে নুর ইসলাম (২২) ও সুমাইয়া (১৬) নামে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের মো. শাহীন হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে ইসলামী শরিয়ত অনুযায়ী নুর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। গত ২৫ জুলাই স্বামী-স্ত্রী দুজন মিলে সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের কয়েকজন ছেলেকে গোসল করতে দেখে নুর ইসলামও সেখানে গোসল করতে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শখের বশে নুর ইসলাম খাড়ির পানিতে লাফ দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি পানির ওপর উঠে না আসায় স্ত্রী সুমাইয়া উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বামীকে উদ্ধারের জন্য তিনিও পানিতে নেমে পড়েন। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যেতে থাকলে তাদের সঙ্গে থাকা স্থানীয় ছেলেরা উদ্ধারের চেষ্টা শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজনও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নুর ইসলাম ও সুমাইয়াকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, হাসপাতালেই নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।