
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন জেলা পুলিশের অধীন কুলপি থানা এলাকায় ২০২২ সালের একটি খুনের মামলায় রহিম মাস্টার নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, রহিম মাস্টার স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা হিসেবে পরিচিত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এছাড়া তার স্ত্রী কুলপি ব্লকের একটি পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল। অবশেষে সোমবার কুলপি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও খুনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। অভিযোগ রয়েছে, ক্ষমতায় থাকাকালে বিভিন্ন এলাকায় বিরোধীদের ওপর দমন-পীড়নের ঘটনা ঘটেছে।
কুলপি ব্লক সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা রহিম মাস্টারের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :