
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস। সেই ধারাবাহিকতায় চলতি দলবদল মৌসুমে তাকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। গিমারেস নিজেও আর্সেনালে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে ধরে রাখা নিউক্যাসেল ইউনাইটেডের জন্য কঠিন হয়ে উঠেছে।
গিমারেসের সম্ভাব্য দলবদল নিয়ে মুখ খুলেছেন নিউক্যাসেলের প্রধান কোচ এডি হাও। তিনি বলেন, খেলোয়াড়টির ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা চলছে, তার সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত নন। এডি হাও বলেন, “বিশ্বকাপের আগে, চলাকালীন এবং পরে গিমারেসের সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তবে আমাদের ব্যক্তিগত আলাপ গোপন থাকাই উচিত। তার ভবিষ্যৎ নিয়ে কী হবে, সে বিষয়ে মন্তব্য করার সুযোগ আমার নেই, কারণ ওই আলোচনার অংশ আমি নই।”
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, আর্সেনাল ইতোমধ্যে গিমারেসকে দলে নিতে প্রায় ৬৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসেল। এরপরও উত্তর লন্ডনের ক্লাবটি হাল ছাড়েনি। জানা গেছে, আর্সেনাল ৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে প্রস্তুত, যা গিমারেসের বর্তমান বাজারমূল্যের সমান।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার নিজেই নিউক্যাসেল কর্তৃপক্ষকে আর্সেনালে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। গত মৌসুমে নিউক্যাসেল প্রিমিয়ার লিগে ১২তম স্থানে শেষ করায় আগামী মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারবে না। এটিই গিমারেসের ক্লাব ছাড়তে চাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, চলতি মৌসুমেই নিউক্যাসেল তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অ্যান্থনি গর্ডনকে ৮০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা এবং সান্দ্রো তোনালিকে ১০৮ মিলিয়ন ইউরোতে টটেনহ্যামের কাছে বিক্রি করেছে। ফলে গিমারেসও দল ছাড়লে মাঝমাঠে বড় ধাক্কা খেতে পারে ক্লাবটি।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নতুন মৌসুমে দলের মাঝমাঠে আরও গভীরতা আনতে চান। গত মৌসুমের শেষদিকে ডেক্লান রাইস ও মার্টিন জুবিমেন্দির ওপর অতিরিক্ত ম্যাচের চাপ স্পষ্ট হয়ে ওঠায় গিমারেসকে আদর্শ বিকল্প হিসেবে দেখছেন তিনি।
২০২২ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে ৪২ দশমিক ১ মিলিয়ন ইউরোতে নিউক্যাসেলে যোগ দেন ব্রুনো গিমারেস। এরপর ক্লাবটির হয়ে ১৯৫ ম্যাচে ৩১টি গোল ও ৩২টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার প্রতি ম্যানচেস্টার সিটি ও চেলসির আগ্রহ থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আর্সেনাল।
আপনার মতামত লিখুন :