
ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তারা বিভিন্ন চিকিৎসা ও ব্যক্তিগত প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন।
আগুন লাগার পর আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আটটি অগ্নিনির্বাপণ ইউনিট পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরো ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে এবং ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিপূরণের ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত ও দগ্ধদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :