
নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে ৩৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৫ জনের মাঝে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :