
বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরি আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন।
এ সুযোগের আওতায় সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরবর্তীতে পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নাও মিলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধন সম্পন্ন করা পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক, কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :