
টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহব্যবস্থায় ব্যাঘাত ঘটায় রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শাক-সবজির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কয়েক দিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে। বর্তমানে বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারভেদে নতুন কাঁচামরিচ ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩১০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগেও একই পণ্য ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে পর্যাপ্ত কাঁচামরিচ সংগ্রহ করা যাচ্ছে না। পাশাপাশি বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। একই পরিস্থিতি বিরাজ করছে অন্যান্য সবজির ক্ষেত্রেও। সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী।
রাজধানীর শুক্রাবাদ বাজারের সবজি বিক্রেতা আনোয়ার বলেন, এক সপ্তাহের ব্যবধানে শুধু কাঁচামরিচ নয়, বেশির ভাগ সবজির দামই বেড়েছে। বেশি দামে পাইকারি বাজার থেকে কিনে আনতে হচ্ছে বলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে অনেক সময় ক্রেতাদের সঙ্গে দাম নিয়ে বাগ্বিতণ্ডায় জড়াতে হচ্ছে। তবে বৃষ্টি কমে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বাজার করতে আসা গৃহিণী তামান্না বলেন, বর্তমানে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। রান্নার অপরিহার্য উপকরণ হওয়ায় চাইলেও এটি বাদ দেওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য সবজির দামও অনেক বেশি। অল্প পরিমাণে দুই-তিন ধরনের সবজি কিনতেই প্রায় ২০০ টাকা খরচ হয়ে যাচ্ছে।
ব্যবসায়ীরা মনে করছেন, বৃষ্টি ও বন্যার প্রভাব কমে উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঁচামরিচ ও সবজির বাজারে স্বস্তি ফিরবে না। ফলে আপাতত নিত্যপণ্যের বাড়তি দামের চাপ সামলাতে ভোক্তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
আপনার মতামত লিখুন :