
দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে শাক-সবজির পাশাপাশি এবার পেঁয়াজের দামও বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ, রামপুরাসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এমন মূল্যবৃদ্ধির চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে ভালো মানের বাছাই করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অথচ তিন থেকে চার দিন আগেও একই মানের পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। এছাড়া মাঝারি মানের বা তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।
অন্যদিকে পাইকারি বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ আনার ক্ষেত্রে পরিবহন সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণেও বাজারে সরবরাহ কমেছে।
রাজধানীর মালিবাগ রেলগেট কাঁচাবাজারের বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার বাজারে পেঁয়াজ আসে। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এসব মোকামেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হচ্ছে বলে বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে বাজার করতে আসা ক্রেতারা বলছেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। ক্রেতা জুলহাস বলেন, গত সপ্তাহেও ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন একই পণ্যের জন্য ২০ টাকা বেশি দিতে হচ্ছে। শুধু পেঁয়াজ নয়, প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা আশা করছেন, বৃষ্টি কমে গেলে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং বাজারে সরবরাহ বাড়লে পেঁয়াজের দামও কিছুটা কমে আসতে পারে।
আপনার মতামত লিখুন :