সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় পণ্যের সর্বমোট বাজার মূল্য ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে তলুইগাছা বিওপির দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। একই উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে কালিয়ানী বিওপির দল ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

এ ছাড়া ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল নবাতকাঠি এলাকা থেকে ৯ বোতল নেশাজাতীয় ভারতীয় উইনকোরেক্স সিরাপ জব্দ করে। ঘোনা বিওপির দল দাঁতভাঙ্গা এলাকা এবং কুশখালী বিওপির দল বাঘমারা এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী এলাকা থেকে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুল এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। বিজিবি জানায়, অভিযানের সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তী সময়ে ধ্বংসের জন্য বিজিবির সংরক্ষণাগারে রাখা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।