সামান্য বৃষ্টিতেই ডুবে যায় আশুলিয়ার জামগড়া-ভাদাইল, চরম দুর্ভোগে বাসিন্দারা


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় আশুলিয়ার জামগড়া-ভাদাইল, চরম দুর্ভোগে বাসিন্দারা

সাভারের আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া এবং সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত হাজারো শ্রমিক। প্রতিদিন তাদের হাঁটুসমান, কোথাও কোথাও তারও বেশি পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পানির নিচে সড়কের গর্ত ও উঁচু-নিচু অংশ ঢেকে যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া শিক্ষার্থীদের বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পানিতে ভিজে নষ্ট হচ্ছে।

এক শিক্ষার্থী জানায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে স্কুলে যাতায়াতে চরম কষ্ট হয়। অনেক সময় খাতা-বই ভিজে যায়, এমনকি ড্রেনেও পড়ে যেতে হয়। দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি দিতে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।