
চট্টগ্রামের বাঁশখালীতে আঞ্জুমানে মোত্তায়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্র নির্বাহী পরিষদের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও মুর্শিদে বরহক ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় বাঁশখালী উপজেলার মনকিচর দীঘিরপাড়স্থ মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শাখা সংগঠনের মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে টমেটো বীজ বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টমেটো বীজ বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা জানান, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছেন। তাঁর পরিবেশবান্ধব চিন্তা ও সবুজায়নের আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বাঁশখালী দায়রার সভাপতি মাওলানা বশির আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার রেজাউল করিম, ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ইউপি সদস্য জানে আলম, বাঁশখালী দায়রার সম্পাদক সওকত ওসমান, ওয়ার্ড সেক্রেটারি জয়নাল আবেদিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মতলব কালু, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ রফিউল করিম চৌধুরীসহ ভক্ত-অনুরাগী, স্বেচ্ছাসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা বশির আহমদ বলেন, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) সমাজকল্যাণ, মানবসেবা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বৃক্ষরোপণকে মানবকল্যাণের একটি অংশ হিসেবে গুরুত্ব দিতেন। তাঁর আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে বৃক্ষরোপণ ও টমেটো বীজ বিতরণ কার্যক্রম শেষে দেশ, জাতি এবং বন্যাকবলিত মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আপনার মতামত লিখুন :